মেলান্দহ ফাউন্ডেশনের নতুন কার্যালয় উদ্বোধন
জামালপুরে স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন মেলান্দহ ফাউন্ডেশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তৃতীয় তলায় নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ হামিদুল হক বিএ, বিএড, ’৭১-এর গেরিলা মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম, প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান এবং মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার শাকিল খান প্রমুখ।
এ সময় ফাউন্ডেশনের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় একটি সংগঠিত স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেলান্দহ ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বেচ্ছাসেবা, দুর্যোগ ও জরুরি সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে কাজ করবে।
এটি একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে প্রয়োজন নির্ধারণ, স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, স্বেচ্ছাসেবক ও অংশীদারদের সম্পৃক্ত করা এবং দেশ-বিদেশের সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।
মেলান্দহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেহেদী হাসান। এছাড়া ফাউন্ডেশনের নির্বাহী পর্যায়ে রয়েছেন সঞ্জয় চন্দ্র কর্মকার, ডা. খন্দকার আনোয়ার হোসেন, মাহফুজা পারভীন, জোনায়েদ হাসান, শাহ জামাল ও মোহাম্মদ আলী।
নতুন কার্যালয়ের মাধ্যমে মেলান্দহের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সমন্বয় এবং বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে ফাউন্ডেশন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন